Monday

লাক্স-চ্যানেল আই সুপারস্টার - চট্টগ্রামে ইয়েস কার্ড পেলেন ৩৫ জন


যে রূপের জাদুতে মাতিয়ে তুলবে পুরো দেশ তিনি হয়ত চট্টগ্রামেই আছেন। সেই সুপারস্টারের খোঁজে গতকাল চট্টগ্রামে হানা দিয়েছিলেন লাক্স-চ্যানেল আইয়ের কর্মকর্তারা। সঙ্গে ছিলেন দীপা খন্দকার, ফারহানা মিঠু, রওনক হাসান, শামস সুমন, শারমিন শিলা ও শিহাব শাহিনের মতো তারকারা। রূপালী জগতের হাতছানিতে চট্টগ্রাম অঞ্চলের প্রায় এক হাজার ২০০ সুন্দরী রেজিস্ট্রেশন করেছিলেন অডিশনে অংশ নিতে। তবে বিচারকদের চাঁছাছোলা কাঠগড়া এড়াতে পেরেছেন কেবল ৩৫ জন। তাঁরাই পরে ঢাকায় জাতীয় পর্যায়ের অডিশনে সুযোগ পাবেন। গতকাল সকাল থেকেই ভাপসা গরম উপেক্ষা করে সুন্দরীদের ভিড়ে সরগরম হয়ে উঠেছিল চট্টগ্রামের লেডিস ক্লাব এলাকা। সবার চোখেই ছিল স্বপ্নময় রূপালী জগতের চমক। গতবার চট্টগ্রামের মেহজাবিন সেরার মুকুট কেড়ে নিয়েছিলেন। এ কারণেই চট্টগ্রামের তরুণীদের চোখে স্বপ্নের রংও ছিল অনেক চড়া। স্বীকার করলেন বিচারক দীপা খন্দকার। তিনি বলেন, 'এবারের চট্টগ্রামের প্রতিযোগীরা অনেক ভালো। বিশেষ করে মা-বাবারা সন্তানদের সঙ্গে নিয়ে প্রতিযোগিতায় এসেছেন এই বিষয়টি বেশ ভালো লেগেছে।' বিচার করার সময় কোন বিষয়গুলো পর্যবেক্ষণ করেছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'প্রতিযোগীকে অবশ্যই সুন্দর হতে হবে। সাথে বাড়তি যোগ্যতা হিসেবে গান, নাচ, অভিনয়, পড়ালেখাকেও গুরুত্ব দিচ্ছি।'

No comments:

Post a Comment