Wednesday

শুক্রবার চ্যানেল আই'র ১ যুগে পদার্পণ

শুক্রবার ১ যুগে পদার্পণ করতে যাচ্ছে বাংলাদেশের একমাত্র ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল- চ্যানেল আই। এ উপলক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন বছরে প্রতিদিন হাজারো রঙের ভিড়ে লাল সবুজের বীজ বুনে যাবার অঙ্গীকার করছেন চ্যানেল আই’র দুই প্রবীণ অধিকর্তা ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ। এই দুই মিডিয়া ব্যক্তিত্বের মাঝে উপস্থিত ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই’র নতুন অনুষ্ঠান ‘বিদেশে বিশিষ্ট বাঙালি’র পরিকল্পক, উপস্থাপক ও পরিচালক বিশিষ্ট সাংবাদিক অরুণ চৌধুরী।

সংবাদ সম্মেলনে ইমপ্রেস টেলিফিল্ম লিঃ ও চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, যেখানে অন্ধকার সেখানেই আলোর প্রয়াস নিয়েছে চ্যানেল আই। যেখানে অপসংস্কৃতি গ্রাস করতে এসেছে, সেখানে নিয়েছে সুস্থ সাংস্কৃতিক বিকাশের প্রয়াস। যেখানে সঠিক তথ্যের নামে মিথ্যাচারসহ নানা কৌশল, সেখানে উদ্যোগ নিয়েছে দ্রুততার সঙ্গে সঠিক তথ্য পৌঁছে দেবার। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সারাটি বছর মানুষের মনে জাগরূক রেখেছে। ফরিদুর রেজা সাগর বলেন, ১২ বছরের শুরুতেই আমরা অনেকগুলো নতুন অনুষ্ঠান দর্শকদের উপহার দেবো। এর মধ্যে একটি হবে ‘বইয়ের অনুষ্ঠান’। আমাদের লেখকদের বই নিয়ে ৫ মিনিটের একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। প্রতিদিন দুই থেকে আড়াই ঘণ্টা থাকবে সরাসরি গানের অনুষ্ঠান। বিশিষ্ট সাংবাদিক অরুণ চৌধুরীর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় থাকবে বিদেশে অবস্থানরত বিশিষ্ট বাঙালিদের নিয়ে অনুষ্ঠান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মদিন নিয়ে থাকবে ব্যাপক পরিসরে বর্ণাঢ্য আয়োজন। নতুন প্রজন্ম আগামী কোন পেশাকে বেছে নেবে এই বিষয়েও পথ দেখাবে চ্যানেল আই।

চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, স্বাধীন পথচলা, গণতান্ত্রিক অগ্রযাত্রা, বাঙালির নিজস্ব বিশ্বাসের জায়গাতে গিয়ে একটি গণমাধ্যমের করণীয় অনেক। গণমাধ্যমই পারে একটি দেশকে সম্ভাবনার দিকে নিয়ে যেতে। আর এই বিশ্বাস থেকে বলছি মাটির কাছাকাছি আমাদের যে অভিযান তা আরও প্রসারিত হবে আগামী দিনগুলোতে।

সংবাদ সম্মেলনে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেন, আমার চ্যানেল, আমাদের চ্যানেল, ‘চ্যানেল আই’। বই নিয়ে চ্যানেল আই যে অনুষ্ঠান করতে যাচ্ছে তা বইকে মানুষের অন্তরে পৌঁছে দেবে। বই নিয়ে, লেখক নিয়ে কথা, আলোচনা-সমালোচনা মিলিয়ে একটি চমৎকার অনুষ্ঠান উপহার দেয়ার চেষ্টা আমার থাকবে। বিদেশে বিশিষ্ট বাঙালি অনুষ্ঠানের উপস্থাপক, পরিকল্পক ও পরিচালক অরুণ চৌধুরী বলেন, বাঙালিদের নিয়ে অভিযোগের শেষ নেই। কিন্তু বিশ্ব দরবারে বাঙালিরা যে কিছু অসাধ্য সাধন করেছে, কিছু সৃষ্টিশীল কর্ম করে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছে সেটাই এই অনুষ্ঠানে তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলন শেষে চ্যানেল আই’র ১২ বছর আগে অনুষ্ঠিত প্রথম সংবাদ সম্মেলনে যে তিনজন সাংবাদিক উপস্থিত ছিলেন তাদেরসহ আমন্ত্রিত সকল সাংবাদিক নিয়ে কেক কাটলেন চ্যানেল আই’র অধিকর্তারা। শুক্রবার চ্যানেল আই’র এক যুগে পদার্পণ উপলক্ষে নিজস্ব ভবন প্রাঙ্গণে থাকবে দিনভর উৎসব, মিলনমেলা। সন্ধ্যায় দেশের মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক এবং বিশিষ্টজনদের নিয়ে কাটা হবে জন্মদিনের কেক। আর পুরো উৎসবটি সকাল ১১টা থেকে ৭টা পর্যন্ত সরাসরি সমপ্রচার করবে চ্যানেল আই।

No comments:

Post a Comment