Sunday

চ্যানেল আই চলচ্চিত্র মেলা ১৩ই আগস্ট


সম্মাননা দেয়া হবে রাজ্জাক পরিবার ও আনোয়ার হোসেনকে

বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক পরিসরে আগামী ১৩ই আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আই চলচ্চিত্র মেলা। দেশীয় চলচ্চিত্রের আত্মপ্রকাশের মাস আগস্ট। ১৯৫৬ সালের ৩রা আগস্ট মুক্তি পায় এদেশের প্রথম সবাক চলচ্চিত্র আবদুর জব্বার খান পরিচালিত 'মুখ ও মুখোশ'। ২০০৯ সালে এসে চলচ্চিত্র শিল্প পা দিয়েছে ৫৪ বছরে। গত বছর থেকে চলচ্চিত্র মেলার আয়োজন করছে চ্যানেল আই। গত মেলার ভেনু্য ছিল এফডিসি। আর এবারের মেলা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র)। দিনব্যাপী এই মেলা শুরু হবে সকাল ১১টা ৫ মিনিটে। উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। মেলা চলবে একটানা ৫টা পর্যন্ত। পুরো মেলাটি চ্যানেল আই সরাসরি সমপ্রচার করবে। এবারের মেলায় অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে দেশীয় চলচ্চিত্রে অবিস্মরণীয় অবদান রাখার জন্য রাজ্জাক পরিবারকে সংবর্ধনা প্রদান। মেলায় আজীবন সম্মাননা দেয়া হবে দেশীয় চলচ্চিত্রের মুকুটহীন নবাব আনোয়ার হোসেনকে। চলচ্চিত্র মেলায় চলচ্চিত্র তারকাদের পারফরমেন্স, জনপ্রিয় কণ্ঠশিল্পীদের গান ছাড়াও থাকবে তথ্যসমৃদ্ধ প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোকচিত্র প্রদর্শন, নবীন-প্রবীণ শিল্পীদের জমজমাট আড্ডা। প্রকাশ করা হচ্ছে একটি তথ্যসমৃদ্ধ সুভেনির। থাকছে চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট সংগঠনের স্টলসহ নানা প্রতিষ্ঠানের স্টল। চ্যানেল আই চলচ্চিত্র মেলার প্রকল্প পরিচালক আবদুর রহমান জানান, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, চলচ্চিত্র গ্রাহক সংস্থা, ফিল্ম এডিটর গিল্ড ও সিডাব-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হবে এই চ্যানেল আই চলচ্চিত্র মেলা। চলচ্চিত্র শিল্পের ঐতিহ্য তুলে ধরার এই মেলা চ্যানেল আইয়ের বদৌলতে ৬টি মহাদেশের লাখ লাখ প্রবাসী বাংলাদেশী উপভোগ করতে পারবেন। এ উপলক্ষে গতকাল হোটেল পূর্বাণীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং প্রকল্প পরিচালক আবদুর রহমান। শাইখ সিরাজ বলেন, চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নে চ্যানেল আই চলচ্চিত্র মেলা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি মেলা সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

No comments:

Post a Comment