
চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র গ্রাহক সংস্থা, ফিল্ম এডিটর গিল্ড ও সিডাবের পর এবার চলচ্চিত্র ও সংগীত শিল্পীরা ১৩ই আগস্ট অনুষ্ঠিতব্য চলচ্চিত্র মেলা সফল করার প্রতিশ্রুতি দিয়েছেন। শনিবার হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালের বলরুম দিলকুশায় আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে শিল্পীরা স্বতঃস্ফূর্তভাবে মেলা সফল করার জন্য অঙ্গীকারও প্রদান করেন। চ্যানেল আই চলচ্চিত্র মেলার প্রকল্প পরিচালক আবদুর রহমান মেলা সম্পর্কে শিল্পীদের অবহিত করেন। শিল্পীদের পক্ষ থেকে জনপ্রিয় চিত্রনায়ক ফারুক, কণ্ঠতারকা রফিকুল আলম ও সামিনা চৌধুরী বক্তব্য রাখেন। মতবিনিময় অনুষ্ঠানে সংগীত তারকাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আবিদা সুলতানা, শুভ্রদেব, মনির খান, রবি চৌধুরী, রিজিয়া পারভীন ও আলম আরা মিনু। চলচ্চিত্র তারকাদের মধ্যে দোয়েল, দীঘি, সিমলা, মুক্তি, নিপুণ, শাহনূর, একা, নীরব, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহ আলম কিরণ, চলচ্চিত্র গ্রাহক সংস্থার মহাসচিব রেজা লতিফ ও ফিল্ম এডিটর গিল্ডের সভাপতি আবু মুসা দেবু। চ্যানেল আই চলচ্চিত্র মেলার সাফল্য কামনা করার জন্য মতিবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধুনালুপ্ত সাপ্তাহিক সিনেমা পত্রিকার সম্পাদক শেখ ফজলুর রহমান মারুফ। মতবিনিময় সভায় হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান জয়নালের সৌজন্যে দেয়া একটি কেক কেটে শিল্পীরা নৈশভোজে অংশগ্রহণ করেন।
No comments:
Post a Comment