
‘তোমার মাঝে এমনি করে নবীন করে লও হে মোরে’- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই আহ্বানের মধ্য দিয়ে প্রাণের উচ্ছ্বাসে অনুষ্ঠিত হয়ে গেলো রবি-চ্যানেল আই রবীন্দ্র মেলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল চ্যানেল আই নিজস্ব ভবন চত্বরে ৬ষ্ঠবারের মতো আয়োজিত ‘রবীন্দ্রমেলা’য় চ্যানেল আই’র এ আয়োজনের সঙ্গে দ্বিতীয়বারের মতো যুক্ত হয়েছে শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর রবি। এবারের মেলায় আজীবন সম্মাননায় ভূষিত হলেন নিভৃতচারী রবীন্দ্র সংগীতশিল্পী ফাহমিদা খাতুন। গতকাল মেলামঞ্চে ফাহমিদা খাতুনের হাতে আজীবন সম্মাননার উত্তরীয়, ক্রেস্ট, অর্থমূল্য ও চিকিৎসাসেবার সনদপত্র তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও রবি’র চিফ কমার্শিয়াল অফিসার বিদ্যুৎ কুমার বসু। এ সময় মঞ্চে আসেন সুধীন দাস। রেজওয়ানা চৌধুরী বন্যা, সুধীন দাস ও ফাহমিদা খাতুন তিন গুণীশিল্পী পরিবেশন করেন ফাহমিদা খাতুনের ‘ধারাপাত’ ছবিতে গাওয়া গান আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাধনে। আজীবন সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে ফাহমিদা খাতুন বলেন, এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞ আমার বড় বোন সনজিদা খাতুনের কাছে। যার হাতে আমার গানের হাতেখড়ি। আমি এখনও শিখছি; শেখার মধ্য দিয়েই আমার সময় কাটছে। এ সময় রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবাষির্কী উপলক্ষে প্রকাশিত একমাত্র রবীন্দ্র সংগীতের সিডি রেজওয়ানা চৌধুরী বন্যার ‘তোমার খোলা হাওয়া’-এর মোড়ক উন্মোচন করা হয়। অতীতে এ সম্মাননা পেয়েছেন প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী কলিম শরাফী, অজিত রায় ও রেজওয়ানা চৌধুরী বন্যা। মেলা শুরু হয় সকাল ১১.১০ মিনিটে। বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সুধীন দাস, আতাউর রহমান, এনামুল হক, মাহবুব জামিল, হাশেম খান, আসাদ চৌধুরী, অনুপ ভট্টাচার্য, ড. ফজলুল করিম, সুভাষসিংহ রায়, সালমা আকবর, ড. ফজলুল আলম, আবদুল কাইয়ূম, রাশীদ উন-নবী বাবু, আলতাফ মাহমুদ, অজয় দাশগুপ্ত, সাইফুল আলম, ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইমপ্রেস গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য আবদুর রশীদ মজুমদার, জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, কেকা ফেরদৌসী, রবি’র চিফ কমার্শিয়াল অফিসার বিদ্যুৎ কুমার বসু প্রমুখ। এ সময় সুরের ধারার শিল্পীদের হে নূতন দেখাদিক আর বার জন্মেরও প্রথমও উদয়ও দিগন্তে...পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী মেলার শুভসূচনা হয়। মেলায় দিনব্যাপী খোলা মঞ্চ থেকে পরিবেশিত হয় নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র সংগীত, রবীন্দ্র নৃত্যনাট্য, শিশুনৃত্য, আবৃত্তি পাঠ, রবীন্দ্র স্মৃতিচারণ ইত্যাদি। মেলায় কবিগুরুর চিত্রকর্ম অঙ্কন করেন- চিত্রশিল্পী হাশেম খান, সমরজিৎ রায়, শহীদ কবির, বীরেন সোম, শাকুর শাহ, রনজিৎ দাস, মনিরুজ্জামান, খালিদ মাহমুদ মিঠু, প্রতাব হাজরা, জহির উদ্দিন, জামিল আকবর সামিল, সৈয়দ জাহিদ ইকবাল ও ফারজানা আহমেদ উরমী। মেলায় ক্ষুদ্র ও কুঠিরশিল্পের স্টল ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টলে দিনব্যাপী প্রদর্শিত হয় রবীন্দ্র গ্রন্থ, রবীন্দ্রনাথকে নিয়ে লিখিত গ্রন্থ, রবীন্দ্র চিত্রকলা ও রবীন্দ্র সংগীতের রেকর্ড কাভারের প্রদর্শনী, রবীন্দ্র পোশাক, রবীন্দ্রনাথ সংক্রান্ত ভিডিও সিডি, রবীন্দ্র সংগীতের গানের স্টল, রবীন্দ্র চলচ্চিত্র প্রদর্শনী, ঠাকুর বাড়ির রূপসজ্জা ইত্যাদি। মেলায় আগত অতিথিদের আপ্যায়ন করা হয় কেকা ফেরদৌসীর রান্নাঘর থেকে রবীন্দ্রনাথের প্রিয় খাবার এবং পান-সুপারির পান দিয়ে। রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম নিয়ে চারটি চলচ্চিত্র নির্মাণ করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ‘শাস্তি’, ‘সুভা’, ‘কাবুলিওয়ালা’ ও ‘অবুঝ বউ’ ছবির পোস্টার এবং ফটো সেট নিয়ে সাজানো স্টলে দিনভর আড্ডা মারেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আবদুল লতিফ বাচ্চু, চাষী নজরুল ইসলাম, আমজাদ হোসেন, সৈয়দ সালাহউদ্দিন জাকি, আব্দুস সামাদ খোকন এবং পরিচালক সমিতির সভাপতি মহম্মদ হান্নান। মেলাটি পরিচালনা করেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু। ‘তুমি কেমন করে গান কর হে গুণী, আমি অবাক হয়ে শুনি কেবল শুনি’ গানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি টানা হয়।
No comments:
Post a Comment