Monday

মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-০৯ উদ্বোধন - হুমায়ূন আহমেদ ও শাওন প্রধান বিচারক, উপস্থাপনায় তিনি্ন

সবাইকে চমকে দিয়ে প্রথমবারের মতো বিচারকের আসনে বসতে যাচ্ছেন হুমায়ূন আহমেদ-শাওন দম্পতি। না, কোন সাহিত্য কিংবা নাটক-সিনেমা কেন্দ্রিক প্রতিযোগিতার আসরে নয়। এ দু'জন প্রধান বিচারকের আসন অলংকৃত করতে যাচ্ছেন ছোটদের সংগীতনির্ভর প্রতিযোগিতামূলক জনপ্রিয় অনুষ্ঠান মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-০৯-এর আসরে। চ্যানেল আই ও মেরিডিয়ান গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের দ্বিতীয় আসরের কার্যক্রম শুরু হয়েছে এরই মধ্যে। শেষ হয়েছে বিভাগীয় অডিশন পর্ব। প্রস্তুতি চলছে মূল আসরের। এ উপলক্ষে গতকাল দুপুরে হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে আয়োজন করা হয়েছে একটি উদ্বোধনী অনুষ্ঠানের, যাতে উপস্থিত ছিলেন চ্যানেল আই'র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মেরিডিয়ান গ্রুপের চেয়ারপারসন কোহিনুর কামাল, অনুষ্ঠানটির প্রকল্প পরিচালক ইবনে হাসান খান, শিল্পী খুরশিদ আলম, শাকিলা জাফর, শাম্মী আখতার, রিজিয়া পারভীন, জাহাঙ্গীর, গীতিকার শফিক তুহিন, উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়াসহ চ্যানেল আই পরিবার ও মেরিডিয়ান গ্রুপের অনুষ্ঠান সংশ্লিষ্ট সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে যৌথভাবে মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-০৮-এর প্রতিযোগীরা অনুষ্ঠানটির শীর্ষসংগীত পরিবেশন করে। এরপর অপু মাহফুজের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দিতে মঞ্চে আসেন ফরিদুর রেজা সাগর। বক্তব্যের শুরুতেই তিনি উপস্থিত সবার কাছে প্রশ্ন তোলেন- গান নিয়ে কি প্রতিযোগিতা হয়? কোনো সদুত্তর না পেয়ে প্রশ্নের জবাব নিজেই দিলেন- না হয় না। তবুও প্রতিযোগিতা নামের এ আসরটি করার উদ্দেশ্য বাংলা গানটাকে ঘরে ঘরে ছড়িয়ে দেয়া। গানের চর্চাটাকে বাড়িয়ে দেয়া নানা আয়োজনের মধ্য দিয়ে। এরপর তিনি মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন এবারের অনুষ্ঠান উপস্থাপিকাকে। যিনি গতবারও এমন করেই সবার সামনে উপস্থাপিকা হিসেবে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন। যদিও পরবর্তীতে তাকে আর উপস্থাপকের আসনে পাওয়া যায়নি। তবুও এবার আবারও মঞ্চে ডাকা হলো অভিনেত্রী মডেল শ্রাবস্তী আদনান তিনি্নকে। তিনি্ন জানালেন গত আসরে তার অনুপস্থিতির কথা। বললেন, গতবছর আমি যখন এমন একটি অনন্য আয়োজনে নিজেকে ঢেলে দেয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, ঠিক সে সময়ই আমার ঘরে একজন নতুন শিশু জন্ম নেয়। সে কারণেই আমি অংশ নিতে পারিনি। তবে এবার আমি প্রস্তুত, আমার কন্যা ওয়ারিশাকে নিয়ে এবার আমি আরও অনেক শিশুর গান-বাজনা উপভোগ করার জন্য। এরপরই উদ্বোধনী অনুষ্ঠানের শেষ এবং প্রধান চমক হিসেবে ফরিদুর রেজা সাগরের আমন্ত্রণে সবাইকে বিস্মিত করে অনেকটা রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে মঞ্চে উপস্থিত হন এবারের আয়োজনের প্রধান দুই বিচারক কথাসাহিত্যিক, নাট্যকার-পরিচালক, গীতিকার, চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ এবং তারই সহধর্মিণী জনপ্রিয় অভিনেত্রী, পরিচালক, সংগীত শিল্পী শাওন। প্রধান বিচারক হওয়ার অনুভূতিতে শাওন বলেন, এ আয়োজনটির প্রথম সিজনে (আসরে) আমি মুগ্ধ হয়ে দেখতাম, শুনতাম বাচ্চাগুলোর গান। একটা পর্বে ওদের সঙ্গে অংশ নিয়ে আমি আরও বিস্মিত হয়েছি। এবার আরেকটি পর্বের সুখ নয়, পুরো আয়োজনটিতে আমি এই ক্ষুদে গানরাজদের পাচ্ছি। আমি এ নিয়ে অনেক বেশি উৎফুল্ল। এদিকে হুমায়ূন আহমেদ একটু মজা করেই বলেন, ট্রাকের পেছনে লেখা থাকে ১০০ হাত দূরে থাকুন। ট্রাক থেকে ১০০ হাত দূরে না থাকা হলেও আমি সব সময় টিভি অনুষ্ঠানে অংশ নেয়া কিংবা উপস্থাপনা অথবা বিচারক হওয়া থেকে ১০২ হাত দূরে থেকেছি সব সময়। আরেকটা কথা বলি, টিভি কর্তারা রাগও করতে পারেন। আমি টিভি খুব একটা দেখি না। দিনের বেলায় লেখালেখি আর সন্ধ্যার পর আড্ডাবাজিতেই আমার দিন কাবার। তো চ্যানেল আইতে 'ক্ষুদে গানরাজ' শুরু হওয়ার পর শাওন মারফত খবর পেলাম। দেখলাম। আমাকে নেশায় পেয়ে বসলো। নিয়মিত দেখলাম আর মুগ্ধ হলাম। বলতে গেলে সেই মুগ্ধতার আবেগে পড়ে এবার আমি এ অনুষ্ঠানের 'কিন্নর দলের' সঙ্গে যোগ দিলাম রাখ-ঢাক না করে। তাছাড়া আমার মনে হয়েছে, বয়স যে হারে বাড়ছে তাতে আরও কিছুদিন তারুণ্য ধরে রাখতে হলে এই 'কিন্নর দলের' সংস্পর্শের বিকল্প নেই! উল্লেখ্য, এবারের অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শিহাব সুমন। অঙ্গসজ্জায় থাকছে অন্যমেলা। আর অনুষ্ঠানটি শিগগিরই চ্যানেল আইতে প্রচার শুরু হবে বলে জানা যায়।

No comments:

Post a Comment