শেষ হলো ৬ বিভাগের প্রাথমিক বাছাইপর্ব
উৎসবমুখর পরিবেশে এবং টান টান উত্তেজনার মধ্য দিয়ে একে একে শেষ হলো চ্যানেল আই সেরাকণ্ঠ '০৯ এবং মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ '০৯-এর ৬টি বিভাগের প্রাথমিক বাছাইপর্ব। ২৪শে এপ্রিল ঢাকা বিভাগের (ঢাকা মেট্টো বাদে) প্রাথমিক বাছাইপর্বকে কেন্দ্র করে চ্যানেল আই'র তেজগাঁওস্থ নিজস্ব কার্যালয়ে ছিল হাজার হাজার প্রতিযোগী এবং তাদের অভিভাবকের ভিড়। এর আগে একইভাবে শেষ হয় চট্টগ্রাম, বরিশাল, সিলেট, খুলনা ও রাজশাহীসহ ৫ বিভাগের প্রাথমিক বাছাইপর্ব। বাংলাদেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন 'চ্যানেল আই' নিজস্ব অর্থায়নে প্রথমবারের মতো শুরু করেছিল 'চ্যানেল আই সেরাকণ্ঠ' এবং 'চ্যানেল আই ক্ষুদে গানরাজ' নামের দুটি সংগীত প্রতিভা অন্বেষণ। পরে ক্ষুদে গানরাজের সঙ্গে যুক্ত হয়েছে শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেরিডিয়ান ফুডস্ লি.। চ্যানেল আই'র দর্শকদের ভালবাসায় সিক্ত হয়ে অনুষ্ঠান দুটি দারুণ জনপ্রিয় এবং প্রশংসিত হয়েছে দেশ-বিদেশে। এরই ধারাবাহিকতায় এই দুটি প্রতিযোগিতা আবারও দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে। এই দুটি প্রতিযোগিতার স্লোগান 'গানে, আওয়াজ তোলো প্রাণে'। উল্লেখ্য, দুই প্রতিযোগিতারই বিভাগভিত্তিক প্রাথমিক বাছাই কার্যক্রমের শুভসূচনা হয়েছিল ১৯ মার্চ '০৯ থেকে চট্টগ্রাম বিভাগের মধ্য দিয়ে। দুটি প্রতিযোগিতায় ৬ বিভাগ থেকে অংশ নেয় প্রায় ৬৭ হাজার প্রতিযোগী। তাদের মধ্য থেকে দুটি প্রতিযোগিতায় ঢাকায় আসার প্রাথমিক ভিসা অর্জন করে ১৩৮ জন প্রতিযোগী। এর মধ্যে সেরাকণ্ঠের জন্য নির্বাচিত হয় ৭৩ জন এবং ক্ষুদে গানরাজের জন্য ৬৫ জন। দুটি প্রতিযোগিতার বিভাগভিত্তিক বাছাইপর্বের সার্বিক কার্যক্রম পরিচালনা করছেন ফারজানা ব্রাউনিয়া ও ইফতেখার মুনিম এবং একঝাঁক তরুণ সহকর্মী। এদিকে, বিভাগীয় বাছাইপর্বের বিচারক হিসেবে ছিলেন খুরশীদ আলম, মোহাম্মদ মনিরুজ্জামান, শাম্মী আখতার, কনকচাঁপা, রফিকুল আলম, আবিদা সুলতানা, ফাতেমা-তুজ-জোহরা, আকরামুল ইসলাম, রিজিয়া পারভীন, সঞ্জীব দে, মঈনুল ইসলাম খান, সালমা সুলতানা, নাদিরা বেগম, লীনা তাপসী, মনোয়ার হোসেন টুটুল, চন্দন দত্ত, শফিক তুহিন, মিল্টন খন্দকার, ইমন সাহা, খালিদ এবং ঢাকা বিভাগের বাছাইপর্ব থেকে বিচারকার্যে যোগ দিয়েছেন আবদুল জব্বার, আলম আরা মিনু, কবির বকুল, দিনাত জাহান মুনি্ন প্রমুখ। অন্যদিকে, ঢাকা মেট্টোর প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ১লা মে '০৯। তেজগাঁওস্থ চ্যানেল আই'র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বাছাইপর্ব শুরু হবে সকাল ৯টা থেকে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এদিকে ধীরে ধীরে এগিয়ে চলছে প্রবাসীদের মধ্য থেকে রেজিস্ট্রেশনকৃতদের প্রাথমিক বাছাইপর্বের কার্যক্রম। তারপর শিগগিরই ঢাকায় শুরু হবে সারাদেশ থেকে উঠে আসা প্রতিভাদের নিয়ে দ্বিতীয় বাছাইপর্বের কার্যক্রম। চ্যানেল আই সেরাকণ্ঠ '০৯ প্রতিযোগিতার এবারও প্রধান বিচারক হিসেবে থাকবেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন এবং এ দু'জনের সঙ্গে প্রধান বিচারক হিসেবে যুক্ত হয়েছেন সুবীর নন্দী।
No comments:
Post a Comment